নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আটক ৩
নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রয়ের অভিযোগে সাজেদুর রহমান, লিটন কুমার সরদার এবং রবিন নামের তিনজন কম্পিউটার অপারেটরকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নশরতপুর, মির্জাপুর এবং মমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহূত সাতটি হার্ডডিস্কও জব্দ করা হয়। সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অপারেশন দল উপজেলার নশরতপুর, মির্জাপুর এবং মোমিনপুর বাজার এলাকায় বিভিন্ন কম্পিউটার কম্পোজ এবং রেকর্ডিংয়ের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করায় তিন জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ চৌধুরীপাড়া রাস্তার সামনে থেকে শুক্রবার রাতে ৩০০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে একই রাতে পৃথক অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাহাবুদ্দিন প্র:সাবুকে পুলিশ গ্রেফতার করেছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এতিম শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে শনিবার সকালে এতিম শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছে জেলা প্রশাসন। নোয়াখালী শিশু পরিবারের ৫৮ জন এতিম শিশুর মধ্যে এ পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, জেলা সমাজসেবার উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার। পোশাক পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে।
জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরার ২ নম্বর হাজির হাট ইউনিয়নের ৪ হাজার ১৩২ জেলের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শনিবার হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিচে প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, মত্স্য কর্মকর্তা আ. গাফফার প্রমুখ।
পৌর শহর যানজট মুক্ত করতে মতবিনিময়
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর পৌর শহর যানজট মুক্ত করার লক্ষ্যে শনিবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী ও সুজানগর থানার ওসি মিজানুর রহমান। পৌর মেয়র রেজাউল করিম রেজা এতে সভাপতিত্ব করেন।
বিভিন্ন স্থানে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ
ইত্তেফাক ডেস্ক বিভিন্ন স্থানে ঈদউপহার, নগদ টাকা, খাদ্যসামগ্রী এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সুনামগঞ্জ :করোনাকালীন সময়ে ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সদর উপজেলার ৯ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঐ সমস্ত উপহারসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :ভূরুঙ্গামারীতে নরসুন্দর ৮৩ জন সদস্য পেলেন প্রধানমন্ত্রীর উপহার। উপজেলা প্রশাসনের মাধ?্যমে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া নরসুন্দরদের মধ্যে এ উপহার বিতরণ করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) :নাসিরনগরে করোনার কারণে কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এসব ঈদসামগ্রী বিতরণ করেন।
