করোনা মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা: নিক্সন চৌধুরী

আপডেট : ০৮ মে ২০২১, ২২:১৫

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলার ক্ষেত্রেও সরকারের সময়োপযোগী সঠিক পদক্ষেপের কারণে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।

আজ শনিবার (৮ মে) ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনা সংকট মোকাবেলায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘করোনা মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারাদেশে জনগণের সেবায় কাজ করছে। সামনে যতই সংকট আসুক, যুবলীগের অসহায় মানুষের পাশে থাকবে।’

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা-১৬ আসনের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম জোয়ারদার, সহ-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চিত্রনায়ক ফেরদৌস। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী সাইফ আলী মোল্লা। 


ইত্তেফাক/এনএ