গ্রেফতারকৃত ছাত্রদের ঈদের আগে জামিনে মুক্তি দেওয়ার আহ্বান

আপডেট : ০৮ মে ২০২১, ২২:১৭

প্রধান বিচারপতিকে ১৮ বিশিষ্ট নাগরিকের চিঠি

 ইত্তেফাক রিপোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইন ও পেনাল কোডসহ বিভিন্ন আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঈদের আগেই জামিনে তাদের মুক্তির পথে বাধাসমূহ দূর করার নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চিঠি দিয়েছেন দেশের ১৮ জন বিশিষ্ট নাগরিক।

চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন- ড. কামাল হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, হাফিজ উদ্দিন খান, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক দিলারা চৌধুরী, ড. বদিউল আলম মজুমদার, শিরিন হক, অধ্যাপিকা রেহনুমা আহমেদ, ড. রেজা কিবরিয়া, অধ্যাপক আসিফ নজরুল, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও  জোনায়েদ সাকি।

প্রধান বিচারপতিকে দেওয়া চিঠির বিষয়ে গতকাল ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ছাত্রদের জামিন দেওয়া উচিত। জামিন একটা অধিকারের ব্যাপার। বিশেষ করে ছাত্রসমাজ ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে। তারা বিভিন্ন ইস্যু নিয়ে জনমত গঠন করে, আন্দোলন করে। সেগুলোকে আমরা সব সময় উত্সাহিত করেছি এবং এখনো সেটা হওয়ার কথা। অতীতে নিম্ন আদালত সাহসী ভূমিকা রেখেছে, অনেক সময় তারা জামিন দিয়েছে। উচ্চ আদালত পর্যন্ত আসতে হয়নি। জামিন পাওয়ার অধিকার সবারই আছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জামিন আমাদের মানবিক ও আইনগত অধিকার। আমাদের বিচারকগণ অত্যাধিকভাবে সরকার নিয়ন্ত্রিত। আমরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।’ সংবাদ সম্মেলনে চিঠি পাঠ এবং মূল বক্তব্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।