কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে চুরিতে বাধা দেওয়ায় একটি গুদামের দারোয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, শুক্রবার মধ্যে রাতে কেরানীগঞ্জ মডেল থানার আতাশুর এলাকায় কাগজের একটি গুদামে কয়েক জন দুর্বৃত্ত ঢুকে পড়ে। এ সময় দারোয়ান শামসুল হক চোর চোর বলে চিত্কার করলে দুষ্কৃতকারীরা ছোরা দিয়ে শামসুল হককে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় গতকাল ভোর ৬টায় শাহ আলম নামে এক সিএনজি অটোরিকশা চালককে একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তাকে টহল পুলিশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে দুপুরে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ। অপরদিকে গতকাল সকাল ১১টার দিকে থানার হাউলী এলাকায় মাহবুব নামে এক যুবকের লাশ তার শোয়ার কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে। তার বাবার নাম আব্দুল আউয়াল। পরিবারের দাবি-মাহবুব প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ভোররাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হাসান জানান, দুইটি লাশ সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার মডেল থানায় দুইটি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
