জেরুজালেমে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের সংঘর্ষে আহত ২০০

আপডেট : ০৮ মে ২০২১, ২২:১৭

  বিবিসি, রয়টার্স ও আলজাজিরা

জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ২০০র বেশি মানুষ আহত হয়েছে। পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে, এই আশঙ্কায় গত কিছু দিন ধরেই শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ফিলিস্তিনিরা ইসরাইলি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়।

দুই পক্ষের এই সংঘর্ষে ফিলিস্তিনিদের ছোড়া পাথর ও বোতলের পালটায় পুলিশকে স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়তে দেখা গেছে। সংঘর্ষে ২০৫ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। ইসরাইলি পুলিশ তাদের ১৭ কর্মকর্তার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের চিকিত্সায় তারা জেরুজালেমে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় এদিন আল-আকসায় বিপুলসংখ্যক মুসলমান ধর্মাবলম্বী সমবেত হয়েছিলেন। ইসরাইলি পুলিশ জানিয়েছে, মাগরিবের নামাজের পর কয়েক হাজার মানুষ ‘দাঙ্গা শুরু করলে’ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা শক্তি প্রয়োগে বাধ্য হয়। সংঘর্ষের সময় আল-আকসা মসজিদের এক কর্মকর্তা মসজিদের লাউডস্পিকারে সবাইকে শান্ত হওয়ারও আহ্বান জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, জেরুজালেমে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ভেনেস্ল্যান্ড শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষকেই জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত পবিত্র স্থাপনার স্থিতাবস্থার প্রতি সম্মান দেখাতে অনুরোধ করেছেন। জাতিসংঘ উচ্ছেদের চিন্তা বাতিল ও বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগে সর্বোচ্চ সংযম প্রদর্শনে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।