প্রয়োজন সহকারী প্রধান শিক্ষক (কারিগরি)

আপডেট : ০৮ মে ২০২১, ২২:২৩

সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ একই বোর্ড একই অধিদপ্তর ও একই বিভাগ হওয়া সত্ত্বেও প্রভাতি ও দিবা শাখায় দুজন করে সহকারী প্রধানশিক্ষকের পদ রয়েছে। অন্যদিকে পৃথক বোর্ড পৃথক অধিদপ্তর ও পৃথক বিভাগ হওয়া সত্ত্বেও সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী প্রধানশিক্ষক (কারিগরি) পদ নেই, যার ফলে কারিগরি শাখার একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এছাড়া সাধারণ শাখায় প্রতিদিন ৬০ মিনিট করে ৬টি শ্রেণি কার্যক্রম (বিরতি সমন্বয় করে) পরিচালনা করা হয়। কারিগরি শাখায় বিরতিহীন ভাগে ৪৫ মিনিট করে ৮টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সকাল ১০টায় শ্রেণি কার্যক্রম শুরু হলে সাধারণ শাখায় প্রথম পিরিয়ড শেষ হয় ১১টায়, কারিগরি শাখায় শেষ হয় ১০টা ৪৫-এ। সাধারণ শাখায় দ্বিতীয় পিরিয়ড শেষ হয় ১২টায়, কারিগরি শাখায়  শেষ হয় ১১টায়। একইভাবে অন্যান্য পিরিয়ড অনুষ্ঠিত হয়। ফলে সাধারণ শাখার প্রধানশিক্ষক ও সহকারী প্রধানশিক্ষকের পক্ষে কারিগরি শাখার শ্রেণি কার্যক্রমের তদারকি সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় বিগত ৭-৭-২০১৫ তারিখের মাধ্যমিক স্তরের ভোকেশনাল শাখার খসড়া নীতিমালায় সহকারী প্রধানশিক্ষক (কারিগরি) অর্ন্তভুক্ত করা  হয়েছিল। এছাড়া ২৫-৪-২০১৮ তারিখের প্রকাশিত সমন্বিত  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণ উন্নয়ন কর্মপরিকল্পনায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দৈনন্দিন কার্যক্রমে ৯ নম্বর ক্রমিকে স্বল্প মেয়াদি কার্যক্রমের আওতায় অর্থাত্ ২০২০ সালের মধ্যে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রতিষ্ঠানে সহকারী প্রধানশিক্ষক  (ভোকেশনাল) পদ সৃষ্টি ও নিয়োগের কথা উল্লেখ ছিল, যা নন-ডেভলপমেন্ট কার্মক্রমের আওতায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও বর্তমান ঘোষিত এমপিও নীতিমালায় বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ৭-৭-২০১৫ তারিখের মাধ্যমিক স্তরের ভোকেশনাল শাখার খসড়া নীতিমালা এবং ২৫-৪-২০১৮ তারিখের কর্মপরিকল্পনার কথা চিন্তুা করেও সংযুক্ত ভোকেশনাল প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহকারী প্রধানশিক্ষক (কারিগরি) পদটি চূড়ান্ত এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।

রিপন কুমার দাস, ট্রেড ইন্সট্রাক্টর,

ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়,পটুয়াখালী