বাজিতপুর ( কিশোরগঞ্জ) সংবাদদাতা
বাজিতপুর উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ছারওয়ার আলম (৫৬) শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বাজিতপুর পৌর এলাকার মীরারবন্দ গ্রামের অধিবাসী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি মো. ছারওয়ার আলমের মৃত্যুতে বাজিতপুরের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। অনেক ভক্ত অঝোর ধারায় চোখের জল ফেলছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগের দুর্দিনের বন্ধু, অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত, ভদ্র, বিনয়ী ও মিতভাষী ছারওয়ার আলম মা, স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন। মরহুমের জানাজা শনিবার বিকাল ৪টায় ঐতিহাসিক ডাকবাংলার মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
