শোক সংবাদ

আপডেট : ০৮ মে ২০২১, ২২:২৫

মাহমুদা জাহান হোসেন

বিশিষ্ট সমাজসেবী মাহমুদা জাহান হোসেন বিউটি (৬৪) এপলাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে গত ৬ মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ... রাজিউন)।  তিনি দিনাজপুরের মহিলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং নারীদের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। সেই সঙ্গে তিনি টিআইবির একজন সদস্য হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া দিনাজপুর পৌরসভার টিএলসিসির সদস্য মিসেস মাহমুদা জাহান হোসেন। তার কর্মদক্ষতার ফলস্বরূপ পরিবার পরিকল্পনা সমিতির আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। এই মহীয়সী তার দুই পুত্র রেখে গেছেন। গত ৭ মে জানাজা শেষে তাকে দিনাজপুর জেলা শহরের ফরিদপুর গোরস্থানে সমাহিত করা হয়।

দুলাল চন্দ্র অধিকারী

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) পরিচালিত খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল চন্দ্র অধিকারী ৭ এপ্রিল শুক্রবার সকালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সমিতির চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সব কর্মকর্তা, ডাক্তারসহ সর্বস্তরের কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।

মাহবুবুর রহমান

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) মাহবুবুর রহমান গত বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।