করোনা নেগেটিভ সাকিবের

আপডেট : ০৮ মে ২০২১, ২২:২৭

আইপিএল খেলে গত বৃহস্পতিবার বিশেষ বিমানে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দেশে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন দুই ক্রিকেটার। কোয়ারেন্টাইনে থেকে সুখবর পেলেন গুলশানের ফোর পয়েন্টস শেরাটন হোটেলে থাকা সাকিব। দেশে আসার পর প্রথমবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে এ বাঁহাতি অলরাউন্ডারের। ২৪ ঘণ্টার মধ্যে তার আরেকবার পরীক্ষা করানোর কথা। জানা গেছে, গতকালই দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সাকিব। বিসিবির চিকিত্সক মুনজুর হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেছেন, ‘সাকিবের প্রথমবার টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। তার আরেকবার টেস্ট করা হবে। নমুনা নেওয়া হয়েছে আজ (গতকাল)। মুস্তাফিজেরও আজ (গতকাল) নমুনা নেওয়া হয়েছে। রাতে রেজাল্ট পাওয়া যাবে।’ সস্ত্রীক হোটেল সোনারগাঁওয়ে থাকা মুস্তাফিজও গতকাল জানিয়েছেন, রাতেই প্রথমবার পরীক্ষার রিপোর্ট পেয়ে যাবেন। সাকিব নেগেটিভ রিপোর্ট পেলেও গতকাল দেশের পথে বিমানে চড়ার আগে কেকেআরের বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট করোনা পজিটিভ হয়েছেন। নিউজিল্যান্ডের এ ক্রিকেটার তাই দেশে ফিরতে পারেননি। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে এ উইকেটকিপার-ব্যাটসম্যানকে। এর আগে কেকেআরের বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের পর করোনা ধরা পড়েছিল।