নাটোরের বাগাতিপাড়ায় বৃদ্ধ দম্পতি খুন রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২১, ২২:৫৪

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আমির হোসেন (৭০) ও আলেকা বেগম (৬৫) নামের বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন। তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই জনের শরীরেই অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামের বাড়ির বারান্দা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ দম্পতির ছেলে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করেন। তারা এখানে একাই বসবাস করেন। সেহেরি খাওয়ার                সময় তাদের ছেলে মা-বাবার কাছে ফোন করলে তারা সেই ফোন রিসিভ করেন নাই। অনেক বার ফোনে কল দেওয়ার পরও রিসিভ না করায় তিনি তার এক আত্মীয়ের কাছে ফোন করে মা-বাবার খবর জানতে চান। পরে নিহত দম্পতির নাতি সকালে বাড়িতে খোঁজ করতে এসে দেখে তার নানা ও নানি বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এ সময় তার চিত্কারে স্থানীয়রা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়িতে চুরি বা ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি হয়েছে। প্রচণ্ড গরমের কারণে বৃদ্ধ দম্পতি ঘরের বাহিরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

ওসি আবু সাদাদ বলেন, মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে দুই-এক দিন আগে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতদের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মৃতদেহ দুইটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কারা, কী উদ্দেশে, কখন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।