আমি ভালো আছি

আপডেট : ০৯ মে ২০২১, ০০:৩১

বোমা হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদের জ্ঞান ফিরেছে বলে গতকাল শনিবার জানিয়েছে তার পরিবার। এক টুইটে নাশিদের বোন নাশিদা সাত্তার বলেন, লাইফ সাপোর্ট থেকে ফেরার পর নাশিদ বলেছেন, ‘আমি ভালো আছি’। বিস্ফোরণে গুরুতর আহত নাশিদের মাথা, বুক ও তলপেটসহ শরীরের একাধিক জায়গায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। নাশিদের ভাই ইব্রাহিম নাশিদ বলেন, তার ভাই যেভাবে চিকিত্সায় সাড়া দিচ্ছেন তাতে চিকিত্সকরা খুশি। তিনি আরো বলেন, তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে এবং তিনি নিজে নিঃশ্বাস নিতে পারছেন। কিছু কথাও বলতে পেরেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মালেতে নিজ বাড়ির সামনে বোমা হামলায় গুরুতর আহত হন নাশিদ। - রয়টার্স