মিয়ানমারে বিরোধী সরকারকে ‘সন্ত্রাসী গ্রুপ’ আখ্যা দিল জান্তা সরকার

আপডেট : ০৯ মে ২০২১, ০০:৩১

মিয়ানমারে জাতীয় ঐকমত্যের সরকারকে ‘সন্ত্রাসী গ্রুপ’ আখ্যা দিয়েছে সামরিক জান্তা সরকার। বোমা হামলা, হত্যা এবং আগুনের জন্য তাদেরকে দায়ী করেছে জান্তা সরকার। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে। এর আগে জাতীয় ঐকমত্যের সরকার চলতি সপ্তাহে সেনাবাহিনীকে সন্ত্রাসী শক্তি হিসেবে আখ্যা দেয় এবং পিপলস ডিফেন্স ফোর্স নামে নতুন বাহিনী গঠন করা হবে বলে জানায়। অং সান সু চির সমর্থকদের গঠিত সরকার গোপনে সরকারি কার্যক্রম চালাচ্ছে। তারা জঙ্গলে নাগরিকদের সামরিক প্রশিক্ষণও অব্যাহত রেখেছে। এদিকে এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন (আসিয়ান) এর কোনো প্রতিনিধিকে মিয়ানমারে ঢুকতে দেবে না জান্তা সরকার। দেশটিতে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে বলে জান্তা সরকার জানিয়েছে। -রয়টার্স ও আলজাজিরা