অটোচালকের কাছ থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল

সেই তিন পুলিশ সাময়িক বরখাস্ত

আপডেট : ০৯ মে ২০২১, ০০:৩৪

গাজীপুরের হাইওয়ে অটোরিকশা চালকের কাছ থেকে ৬০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়ার পর হাইওয়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে হাইওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা গতকাল শনিবার গণমাধ্যমকে জানান, গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টি আকর্ষণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা পাঠান। বার্তায় উল্লে­খ করা হয়—এক অটোরিকশা চালকের সারা রাতের আয় ৬০০ টাকা নিয়ে গেছেন দায়িত্বরত পুলিশ সদস্য। মিডিয়া উইং এ বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডরগণের কাছে পাঠিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে। এরই পরিপ্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ঐ চালককে খুঁজে বের করেছে। তাকে সব প্রকার সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।