পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, সুন্দরবনে সম্প্রতি অগ্নিকাণ্ডে সাড়ে ৩ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে আগামী শুষ্ক মৌসুমের আগেই সুন্দরবনের লোকালয় সংলগ্ন নদী খাল পুনঃখনন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এরই মধ্যে সুন্দরবন ও মোংলা এলাকায় ৮৩টি নদী খাল পুনঃখনন করেছে। সুন্দরবন রক্ষায় বনরক্ষীদের সহায়তায় স্থানীয় জনসাধারণকে আরো ভূমিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
শনিবার পানিসম্পদ সচিব পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বন পরিদর্শন করে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন। পানিসম্পদ সচিব আরো বলেন, সুন্দরবনে প্রস্তাবিত কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার প্রকল্পের কাজ করা হবে।
এ সময় সচিবের সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রফিক উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মো. রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনসহ পানি উন্নয়ন বোর্ড ও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন পরিদর্শন শেষে বিকালে পানিসম্পদ সচিব শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গাবতলায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও প্রস্তাবিত নদী শাসন এলাকা পরিদর্শন করেন।
ইত্তেফাক/কেকে
