মিয়ানমারে ঐক্য সরকারকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিলো জান্তা

আপডেট : ০৯ মে ২০২১, ১১:২৮

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করে দেশব্যাপী বোমা হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের জন্য তাদের দায়ী করেছে দেশটির সামরিক শাসকরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে শনিবার (৮ মে) এখবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। মিয়ানমারে প্রতিদিন বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে এবং সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য স্থানীয়রা মিলিশিয়া বাহিনী গঠন করছে। এর পাশাপাশি দেশটিজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভও অব্যাহত আছে আর অভ্যুত্থান বিরোধীদের ধর্মঘটে অর্থনীতি অচল হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এক ঘোষণায় গণপ্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার কথা বলেছে জাতীয় ঐক্য সরকার বা এনইউজি। এটি ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের একটি কমিটি ও তাদের নতুন বাহিনী, এরা সবাই এখন থেকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আসবে। অন্যদিকে জান্তা ঘোষণা দিয়েছে, মিয়ানমারের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এনইউজির সদস্যপদ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি এদের সঙ্গে যোগাযোগও বেআইনি বলে বিবেচিত হবে।

শনিবারও মিয়ানমারের বহু জায়গায় জান্তা বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে চলে আসা এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী অন্তত ৭৭৪ জন বেসামরিককে হত্যা ও ৩৭৭৮ জনকে আটক করেছে বলে আন্দোলনকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে। এসব সংখ্যার বিষয়ে জান্তা দ্বিমত পোষণ করেছে আর প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অন্তত ২৪ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে।

ইত্তেফাক/এসএ