‘আমার কলিজা ফিরাইয়া দেও’

আপডেট : ০৯ মে ২০২১, ১৯:৫৫

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক নবজাতককে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৯ মে) বেলা ১১টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে।  

এ ঘটনার পর হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিলেন নবজাতকের খালা মুলমেহের বেগম ও নানি পরীবানু। তারা নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার বাসিন্দা। 

চুরি যাওয়া নবজাতকের নানি পরীবানু বলেন, ‘নরসিংদী সদর হাসপাতালের দোতলায় ডাক্তার দেখাতে আসার পর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাতনামা এক নারী আমার কাছে এসে গল্প জুড়ে দেন। একপর্যায়ে আমার কোল থেকে নবজাতক শিশুটিকে তাঁর নিজের কোলে তুলে নেন। এ সময় “সিরিয়ালটা এগিয়ে আনা যায় কি না” বললে আমি শিশুটিকে তাঁর কোলে রেখেই চিকিৎসকের সহকারীর দিকে এগিয়ে যাই। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এসে নবজাতক নাতিসহ ওই মহিলাকে আর খুঁজে পাইনি। এরপর থেকে ঘণ্টা দুয়েক ধরে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও তাঁদের পাওয়া যায়নি।’

পরীবানু আরও বলেন, ‘শিশুটিকে যদি না পাওয়া যায়, তাহলে আমার মেয়ের সংসার নষ্ট হয়ে যাবে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই।’ এ সময় তিনি ‘আমার বাচ্চা নাতিডারে ফিরাইয়া দেও, আমার কলিজা ফিরাইয়া দেও’ বলে কান্না করছিলেন।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে চুরি করার সাথে জড়িত ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে সদর থানা পুলিশ। 

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম বলেন, সদর হাসপাতালে নবজাতক চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে পুলিশ। আমরাও হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতা করছি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, নানির কোল থেকে নাতি চুরির কথা শুনেছি। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/এনএ