ময়ূর

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৬

মাসুদুল হক

 

তোমার পেখমের গভীরে মেঘের দেশ

নেচে উঠলেই বৃষ্টি ঝরে টুপটাপ

আপাত দৃশ্যপ্রিয় আমরা তাকে বলি বর্ষা!

 

তুমি ব্রহ্মচারী পাখি কি না জানি না

তবে পেখমের সবটুকু অভ্র ও আবির

দিয়েছো ঢেলে সন্ন্যাসী চোখের নিস্তব্ধ নীলে

 

ধাতব-আভার নীল-সবুজে

বহুগামী কামনার চোখ

                            তুমি মেলে আছো পেখমে

পালকের ছায়ায়

                            তোমার জন্মের উষ্ণ আদর

পুরুষ কান্নায় তুমি ডাকো ভীষণ কর্কশ কেকা রবে

প্রেমিকা তোমার নীল ময়ূরী

                      সে জলের ফোঁটায় দেখে আপন মুখ!

 

নীলে উড়ে যাও

তবু ফিরে আসো মাটিতে

মিথুন শেষে পালকের ঠিকানা তোমার

                          আমাদের এই ধূলির সংসারে

 

শান্তি কল্যাণ হয়ে আছো বিষের সমুদ্র মন্থনে

কেননা তোমার পেখমের গভীরে মেঘের দেশ

নেচে উঠলেই বৃষ্টি ঝরে টুপটাপ

আপাত দৃশ্যপ্রিয় আমরা তাকে বলি বর্ষা!