লিখে রাখো

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৬

বিমল গুহ

 

হে পৃথিবী লিখে রাখো প্রামাণ্য অক্ষরে

তোমার অযোনি-বুকে চিরস্থায়ী করে—

এইখানে একদিন মানুষের বসবাস ছিলো

                                লিখো, এইখানে এক ছিলো বাতিঘর

এইখানে বছরান্তে সামুদ্রিক ঝড়—

দু কূল ভাসিয়ে নিতো মানুষের বুকটান থেকে;

লিখে রাখো হে পৃথিবী, সন্ত্রস্ত না-হয় যেন কেউ

মানুষের ক্লেশকষ্ট দেখে!

 

লিখে রাখো পুবাকাশ তালপাতা, লিখো হে পৃথিবী;

সবুজ পাতার নাভিমূলে জন্ম নেয় বস্তুপিণ্ড—

                                জন্ম নেয় মাটি, মাটির ভেতরে উইঢিবি।

আমি তো দেখেছি মুখ, বস্তুবিশ্ব, ত্রস্তগতি লাভাস্রোতও

ঊর্ধ্বগামী দ্রুত বেগবান; লিখে রাখো আলোবর্ষ— ওতপ্রোত

হয়ে আছে কোভিড-আক্রান্ত রোগী ঘরে— তবু আশা তিলতিল

অন্তরে বাড়ে প্রতিদিন; যদিও মধ্যরাতে অবসন্ন আমার নিখিল

কেঁপে কেঁপে ওঠে— একবার-দুইবার-তিনবার তিন;

আচম্বিতে নিস্তেজ আমার আকাশ— নিস্তেজ আলোভরাদিন!