স্নানঘরে একা

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৭

কানিজ পারিজাত

 

ঘুলঘুলি দিয়ে এখনও বইছে হাওয়া;

শুভ্র দেয়ালে এখনও জ্বলে হলধর-কাব্য;

ছিলো—

কিছুক্ষণ আগেও তো সে ছিলো;

জলে এখনও তার তোড়ন—

এখনও তরঙ্গ দুলে দুলে ওঠে এস্মেরালদা নৃত্যে;

নীলাভ পোরসেলিনে এখনও তাজা বেলফুল—

মিহি চন্দন—

শূন্যতায় এ কোন মধুটান?

হায় রূপময়ী! আবেশী রূপময়ী...

পেলিকান-হূদয়ে কেন সে বাজায় জিপসি সুর?

আমি কি বুঝি এই প্রণয়-ভাংচুর?

স্নানঘরে দাঁড়িয়ে থাকি একাকী—বিমূঢ়