বিশ্বকে বিপদজনক করে তুলেছেন যারা

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৮

মোহাম্মদ নাদিম

 

দেখছি অনেকেই মুখে কুলুপ এঁটেছেন,

যেন ধনুর্ভঙ্গ পণ করেছেন

মুখ খুলবেনই না!

পাছে সোনায় বাঁধানো দাঁতখানা

ঝিলিক দিয়ে ওঠে!

নাকি শঙ্খ ঘোষের কবিতার আহ্বানে

সাড়া দিয়ে শব্দহীন হয়ে গেছেন?

চুপ মেরে গেছেন?

আহা কী ভক্তি! কী ভক্তি!!

জেনে রাখুন :

যারা মিথ্যা বলে, অন্যায় করে

খুন-ধর্ষণ করে,

অন্যের অধিকার হরণ করে, ঘুষ খায়

কমিশন আর তদবিরবাজি করে,

পারিশ্রমিকে শ্রমিককে ঠকায়,

রাজনীতির নামে ধোঁকাবাজি করে,

লাম্পট্যে যাদের উত্তরাধিকার

দুর্নীতিতে নাক পর্যন্ত ডুবে আছে যারা,

আরো আছে কত অগণন নরকের কীট!

না! তাদের জন্য নয়,

এই পৃথিবী আজ বিপদজনক

তাদেরই জন্য—

যারা এসব দেখেও না দেখার ভান করেন;

চুপ থাকেন, শব্দহীন থাকেন!