করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনো তেমন কোনো কৌশল আবিষ্কৃত হয়নি। তাই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান করাটাই সবচেয়ে কার্যকর বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মাস্ক পরিধান করার ওপর বিশেষ জোর দিচ্ছে। সঠিকভাবে নিয়মিত মাস্ক ব্যবহার করা হলে করোনাভাইরাস সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এক শ্রেণির মানুষের মাঝে মাস্ক পরিধানের ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। অনেকেই আছেন যাঁরা বাড়ির বাইরে গেলেও মাস্ক পরেন না। আবার কেউ কেউ আছেন যাঁরা মাস্ক পরলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রাখেন। এতে মাস্ক পরিধান করার মূল উদ্দেশ্যই বিঘ্নিত হয়। যতই লকডাউন দেওয়া হোক তাতে কোনো কাজ হবে না যদি মানুষ সচেতন এবং সতর্ক না থাকে। এই অবস্থায় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। বিশেষ করে যাঁরা থুতনির নিচে মাস্ক ব্যবহার পরেন অথবা কানের পাশে মাস্ক ঝুলিয়ে রাখেন তাদের শাস্তি দিতে হবে। করোনা সংক্রমণ থেকে জাতিকে মুক্ত করার জন্য কঠিন হওয়ার বিকল্প নেই।
এম এ খালেক
৩৯৪/৩ নয়াটোলা,
মগবাজার, ঢাকা ১২১৭
