কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
আসন্ন ঈদে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের ওপর কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। রবিবার দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র মো. নূরে আলম সিদ্দিকীর উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ রাস্তা পারাপারের ব্যাপারে সচেতন নন। প্রশাসনের দিকনির্দেশনা থাকলেও সময় বাঁচাতে অনেকেই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে চান না। সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় প্রশাসন, জনগণ ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে এই কাজটি করেছি যাতে ঈদে ঘরমুখী মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।
