চাটমোহরের ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৪৮

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

ঈদকে সামনে রেখে পাবনার চাটমোহরের ব্যাংকগুলোতে রবিবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাংকগুলোতে গ্রাহকরা ভিড় জমিয়েছেন। শুক্র ও শনিবারের ছুটি কাটিয়ে রবিবার ব্যাংকের প্রথম কর্মদিবস শুরু হয়। ব্যাংক খোলার আগে থেকেই গ্রাহকরা ব্যাংকের সামনে জমিয়েছেন ভিড়। বিশেষ করে সোনালী ব্যাংকে অসংখ্য গ্রাহকের ভিড় ছিল। ব্যাংকের ভেতরে ও বাইরে ঠাসাঠাসি করে গ্রাহকদের অপেক্ষা করতে দেখা যায়। কোনো প্রকার সুরক্ষাসামগ্রীও নেই। অনেকেই এসেছেন বেতন তুলতে। অনেকে আবার ডিপিএসের টাকা জমা দিতে এসেছেন। সোনালী ব্যাংকে গিয়ে দেখা যায়, প্রচণ্ড ভিড়। নিচ থেকে দোতলা পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। নাম প্রকাশ না করে ব্যাংকে অপেক্ষমাণ গ্রাহকরা জানান, টাকার প্রয়োজনেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে স্কুল-কলেজসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের বেতনের সঙ্গে বোনাস দেওয়া হয়েছে। ঈদের কেনাকাটার জন্য বোনাস তুলতে এসেছেন অনেকে। সোনালী ব্যাংক লি. চাটমোহর শাখার ব্যবস্থাপক মাহমুদুন্নবী বলেছেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে চলতে। কিন্তু গ্রাহকের ব্যাপক চাপ। সারা দেশেই এসময় চাপ বাড়ে। আমরা কী করব?