সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৪৯

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনি ও রবিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগরে রবিবার সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মারিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ঐ গ্রামের হাবিবুল্লাহ মোড়লের মেয়ে ও স্থানীয় কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সকালে রাস্তায় খেলার সময় মালবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারিয়া মারা যায়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করেছেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে সাদিকুল হক (২৯) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী। রবিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাদিকুল হক শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার চর ভুইয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন চৌধুরী জানান, আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী: নরসিংদীতে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ চার জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সুনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী।