শেয়ারবাজারে টানা উত্থান

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

আগের কার্যদিবসের মতো গতকাল রবিবারও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবস উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে কিছুটা কমলেও ১ হাজার ৩৫০ কোটি টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৫ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৯ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬১ দশমিক ৪৯ পয়েন্ট এবং ২ হাজার ১৬৫ দশমিক ৯৯ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৪ কোটি ২৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৬টির বা ৪৮ দশমিক ২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২৬টির বা ৩৪ দশমিক ৫২ শতাংশের এবং বাকি ৬৩টির বা ১৭ দশমিক ২৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ দশমিক ১৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।