চট্টগ্রামে গোয়েন্দা সেজে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লো যুবক

আপডেট : ০৯ মে ২০২১, ২২:১১

চট্টগ্রাম অফিস

গোয়েন্দা কর্মকর্তা সেজে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। গত শনিবার রাতে নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় আলী প্লাজায় একটি জুতার দোকান থেকে জয় বড়ুয়া জয়ন্ত (২২) নামে এই যুবককে ব্যবসায়ীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর সৈয়দ বলেন, গত শুক্রবার রাতে জয়ন্ত বাটা কোম্পানির ঐ শোরুমে গিয়ে  নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন এবং দূর থেকে একটি কার্ড প্রদর্শন করেন। মুখে মাক্স না থাকার অজুহাত দেখিয়ে তিনি দোকান থেকে ক্রেতাদের বের করে দেন। এরপর স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং সরকারি নির্দেশ না মেনে সন্ধ্যার পরও দোকান খোলা রাখায় দোকান মালিককে ৫ লাখ টাকা জরিমানার কথা বলেন। পরের দিন শনিবার জরিমানার টাকা পরিশোধ করতে হবে বলে জয়ন্ত চলে যান।

গত শনিবার দোকান মালিককে ফোন করে জয়ন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরিমানার পরিমাণ কমিয়ে নিয়েছেন বলে জানান। তিনি বলেন, রাতের মধ্যে এক লাখ টাকা দিতে হবে অন্যথায় দোকান সিলগালা করে দেওয়া হবে। রাত সাড়ে ৮টা দিকে জয়ন্ত দোকানে আসেন। এসময় দোকান মালিক তাকে ১০ হাজার টাকা দেন। একপর্যায়ে বিষয়টি আশপাশের দোকানদারদের মধ্যে জানাজানি হয়ে গেলে তারা এসে ১০ হাজার টাকাসহ জয়ন্তকে আটক করে পুলিশকে খবর দেন।