নারায়ণগঞ্জে শহর জুড়ে অবৈধ ইজিবাইক

আপডেট : ০৯ মে ২০২১, ২২:১৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু শহর ও আশপাশের এলাকায় ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার দাপটে নগরবাসী অনেকটাই অসহায়। এসব যানবাহনের কোনো প্রকার অনুমতি না থাকলেও দাপটের সঙ্গে চলছে। এসব যানবাহন চালকদের নেই কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা। তাই শহরের অলিগলিতে এসব যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। গত এক বছরে অবৈধ এসব যানের দুর্ঘটনায় শতাধিক মানুষ পঙ্গু হয়েছেন। অনেকে হারিয়েছেন প্রাণ। এসব যান নগরবাসীর কাছে আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে।

বিনা বাধায় শহরের সর্বত্র ঘুরে বেড়াচ্ছে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, লেগুনা। বিভিন্ন পয়েন্টে সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। শহরের যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। তবুও প্রশাসন, সিটি করপোরেশনের দৃশ্যমান কোনো তত্পরতা নেই। তাই শহরে বাড়ছে যানজট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহন যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকাতে রমজানের শুরুতে সড়কের বিশৃঙ্খলা চোখে পড়েনি। তবে এ সময়ে বিনা বাধায় চলাচল করেছে অবৈধ ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান বন্ধ রয়েছে।