সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্ত্রী হোসনে আরাকে (৫০) শ্বাসরোধে হত্যা করেছে ভাড়াটিয়া। গত শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা ঝাউচর গ্রামের আজিমউদ্দিনের স্ত্রী। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল রবিবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত হোসনে আরার ছেলে আল আমিন জানান, রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা স্থানীয় একটি কারখানায় চাকরি করে। গত পাঁচ মাস আগে আমাদের বাড়িতে ভাড়া আসে তারা। ভাড়াটিয়া হারুন অর রশিদের সঙ্গে আমার বাবার সুসম্পর্ক গড়ে উঠে। বিশ্বস্ত হওয়ায় আমাদের বাসায় হারুন অর রশিদ ও তার স্ত্রী নিয়মিত যাতায়াত করত। আমার মা কোথায় টাকা ও স্বর্ণালংকার রাখত সব কিছুই জানত ভাড়াটিয়ার স্ত্রী সুলতানা। সেই সুযোগে শনিবার রাতে ভাড়াটিয়া হারুন অর রশিদ আমার বাবা ও মায়ের সঙ্গে গল্প করার এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে আমার বাবাকে অচেতন করে। পরে আমার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
