গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস কারখানার শ্রমিকরা। রবিবার বিকালে পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ অবরোধ করেন। এতে ঐ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, ঈদ উপলক্ষ্যে ঐ কারখানায় রবিবার সাত দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। তিন দিনের ছুটি বাড়ানো নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামেন তারা। পরে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাই ঈদে শ্রমিকদের সাত দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। কারখানার সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে, তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ বলেন, শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করার জন্য তাত্ক্ষণিক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা মহাসড়ক থেকে চলে যায়।
