আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন। এ অবস্থায় সবাইকে সচেতন হতে হবে। ভারত এখন করোনার তাণ্ডবে লন্ডভন্ড।
ওবায়দুল কাদের গতকাল রবিবার সকালে কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও প্রাণঘাতী কোভিড-১৯ দুর্যোগ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা ও দুস্থদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অক্সিজেন উত্পাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারতে আজ অক্সিজেনের চরম সংকট চলছে। অক্সিজেনের জন্য সেখানে হাহাকার লেগেই আছে। ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। আবারও তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ। এ দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ। তাই এখনই সবাইকে সংযমী হতে হবে। এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যার যার অবস্থানে থেকে ঈদ উদ্যাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র পথ।
অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ব্লেম গেইম চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন, এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব বক্তব্য রাখেন।
