সিরামের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবতে বলল সংসদীয় কমিটি

আপডেট : ০৯ মে ২০২১, ২২:৪৬

চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা না দিতে পারায় ভারতের সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এমন পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯-এর টিকা পাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কমিটি  দেশে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত টিকা আনারও পরামর্শ দিয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, গত ফেব্রুয়ারি মাসেই সংসদীয় কমিটি বলেছিল, একাধিক সোর্স থেকে টিকা আনার ব্যবস্থা করতে হবে। একটা সোর্স থেকেই কেন টিকা নেওয়া হলো, কমিটি জানতে চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে তারা এখন মাল্টিপল সোর্স থেকে টিকা আনার চেষ্টা করছে। আমেরিকা থেকেও টিকা আনার চেষ্টা করছে। রাশিয়া ও চীন থেকেও আনার চেষ্টা করা হচ্ছে।ফারুক খান জানান, দেশে প্রথম ডোজে যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন, দ্বিতীয়  ডোজেও তাদের একই টিকা পাওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের হাতে থাকা ঐ কোম্পানির টিকা আনার উদ্যোগ দ্রুত করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে সংসদীয় কমিটিকে ভাষানচরে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। ইরাকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ইরাকে কর্মরত বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা দিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।