ভারতে বসবাসরত বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসায় বিস্মিত হয়েছেন তিনি। গতকাল রবিবার এক টুইট বার্তায় তসলিমা নাসরিন লিখেছেন, এক বছরের বেশি সময় ধরে ঘরের বাইরে পা রাখিনি। কাউকে ঘরে আসতেও দেইনি। ঘরের ভেতর আমার বিড়াল আর আমি ছিলাম। এর পরও আমি কোভিড-১৯-এ আক্রান্ত! যদি জানতে পারতাম, আমি কীভাবে আক্রান্ত হলাম।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তসলিমা নাসরিন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়ে ছিলাম, তাও দুই মাস আগে, টিকার প্রথম ডোজ নিতে। ঐ ডোজটি কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এ যাত্রা বেঁচে গেছি।
তিনি আরো লিখেছেন, ‘আমি চিরকালই বড় দুর্ভাগা। এক এক করে যদি লিখি কী কী ঘটেছে জীবনে যা ঘটার কথা ছিল না, তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পড়ে কেউ কূল পাবে না। আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক। দুঃখ থাকাও হয়তো ঠিক নয়। কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি। কিন্তু হাজারো মানুষ যারা সুস্থ হতে পারেনি! যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু পারেনি শ্বাস নিতে! দুঃখগুলো বরং তাদের জন্য থাক।’
