চট্টগ্রামে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার সংকট দেখা দিয়েছে। কোনো কোনো কেন্দ্রে টিকা মিলছে না। ফলে নির্ধারিত তারিখে দ্বিতীয় ডোজ টিকা না পেয়ে চট্টগ্রামে প্রায় দেড় লাখ গ্রহীতা বিপাকে পড়েছে। টিকা গ্রহীতারা গতকাল রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ করে। চট্টগ্রাম মেডিক্যালেও টিকা না পেয়ে গ্রহীতাদের ফেরত যেতে হচ্ছে। এমনকি কবে টিকা মিলবে তাও নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ইত্তেফাককে বলেন, আমাদের কাছে ভ্যাকসিনের মজুত শেষ হয়ে গেছে। চট্টগ্রাম মেডিক্যালে ইতিমধ্যে টিকা প্রদান বন্ধ হয়ে গেছে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে আর দুই-এক দিন চলতে পারে। সিটি করপোরেশনেও মজুত নেই। ঈদের ছুটির আগ পর্যন্ত মোটামুটি দেওয়া যাবে। এর মধ্যে ভ্যাকসিন না এলে ঈদের পর আর দেওয়া সম্ভব হবে না।
গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রামে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়। গত শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৭৭ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। এর মধ্যে প্রায় দেড় লাখ গ্রহীতা দ্বিতীয় ডোজ টিকা পাননি। কিন্তু মজুত আছে মাত্র ২৭ হাজার ৩৮০ ডোজ।
