শিক্ষা ক্যাডারের পদোন্নতি

প্রথম দিনের সভায় সিদ্ধান্ত হয়নি ঈদের পরে আবার বৈঠক

আপডেট : ১০ মে ২০২১, ০০:১৩

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি কমিটির সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। তবে গতকালের বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিটি। ঈদের পরের সপ্তাহেই ফের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিতে কয়েকটি সভার প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।

সভায় মাউশি অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য ৩ হাজার ২৫৪ জনের তালিকা উপস্থাপন করা হয়। যাদের মধ্যে ৯৫ জন আত্তীকৃত শিক্ষক। ২২ থেকে ২৬তম ব্যাচ পর্যন্ত শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক সবাইকে পদোন্নতির প্রস্তাব করে মাউশি।

সভায় মাউশির পক্ষ থেকে বলা হয়, ২৬তম ব্যাচ পর্যন্ত সবাইকে পদোন্নতি দিতে সরকারকে খুব বেশি অতিরিক্ত অর্থ গুণতে হবে না। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে পঞ্চম গ্রেডে বেতন পাচ্ছেন তারা। এই সংখ্যা প্রায় আড়াই হাজারের মতো।

সভা সূত্রে জানা যায়, পদোন্নতি কমিটির সদস্যবৃন্দ প্রথম বৈঠকেই বিপুলসংখ্যক কর্মকর্তার পদোন্নতি নিয়ে একমত হতে পারেননি। যদি ব্যাচভিত্তিক পদোন্নতি হয় তাহলে ২৬তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি না দিয়ে আরো দু-একটি ব্যাচ কমিয়ে বা বিষয়ভিত্তিক পদোন্নতি দিলে কত সংখ্যক কর্মকর্তা পদোন্নতি পান সে ব্যাপারে গতকালের সভায় আলোচনা হয়।

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, এই ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত। শিক্ষা ক্যাডারে বিসিএসের ২৮তম ব্যাচ যোগ দেয় ২০১০ সালে। এই ব্যাচের গণিতের কর্মকর্তারা ১১ বছর ধরে প্রভাষকের পদে আছেন। ২৯তম বিসিএসে ৬৫১ কর্মকর্তা যোগদান করেন ২০১১ সালের আগস্টে। এই ব্যাচের প্রায় এক-তৃতীয়াংশ কর্মকর্তা পদোন্নতি বঞ্চনা নিয়ে ১০ বছর ধরে প্রভাষক পদে আছেন। ৩০তম বিসিএসের ৫৫২ কর্মকর্তা ২০১২ সালের জুনে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এই ব্যাচের অর্ধেকেরও বেশি কর্মকর্তা গত ৯ বছর ধরে একই পদে আছেন। বিসিএসের ৩১তম ব্যাচের ৪৩৪ কর্মকর্তা ২০১৩ সালের জানুয়ারিতে শিক্ষা ক্যাডারে যোগ দেন। তাদের মধ্যে ২০১৮ সালের সর্বশেষ পদোন্নতিতে ৬৩ কর্মকর্তার পদোন্নতি হয়। বাকি সবাই দীর্ঘ আট বছর একই পদে আছেন।

 ৩৩তম ব্যাচের ৯৮০ কর্মকর্তা শিক্ষা ক্যাডারে ২০১৪ সালের আগস্টে যোগদান করে সাত বছর পূর্ণ করেছেন একই পদে। ইতিমধ্যে ৩৪তম ব্যাচের ৭৭৪ কর্মকর্তাও পদোন্নতিযোগ্য হয়ে উঠেছেন।