মমতার মন্ত্রিসভায় ১৭ নতুন মুখ

আপডেট : ১০ মে ২০২১, ০০:১৫

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা গঠনে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার তৃতীয় মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪৩ জন। তার মধ্যে ১৭ জন নতুন মুখ। তালিকায় রয়েছেন সাত মুসলিম নেতা এবং সাঁওতালি চলচ্চিত্রের অভিনেত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রীর তালিকায় রয়েছেন মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর প্রবল প্রতিপক্ষ অখিল গিরি। তারা আজ সোমবার বিকেলে কলকাতার রাজভবনে শপথ নেবেন। দুই জন শপথ নেবেন ভার্চুয়ালি। এদিকে অক্সিজেন এবং সবার জন্য বিনা মূল্যে ভ্যাকসিন দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

মমতার নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ১০ ও প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন। পশ্চিমবঙ্গের বিদায়ি সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাকে এবারও মন্ত্রী করা হচ্ছে। ব্রাত্য বসু করোনায় আক্রান্ত হয়েছেন। এই দুই জনই ভার্চুয়ালি শপথ নেবেন। পুরোনো মন্ত্রীদের মধ্যে বেশ কয়েক জন বাদ পড়েছেন। মন্ত্রী হচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তেওয়ারি। মন্ত্রিসভার তালিকায় থাকা মানস ভুঁইয়া ও সাবিনা ইয়াসমিন কংগ্রেসের হয়ে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস-কংগ্রেস জোট সরকারে মন্ত্রিসভায় ছিলেন।

মমতার মন্ত্রিসভার তালিকায় দেখা যাচ্ছে, মেদিনীপুর জেলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে অখিল গিরি তৃণমূল কংগ্রেসে শুভেন্দুর বিরোধী শিবির বলে পরিচিত ছিলেন। দুই গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যে গোলমাল হতো। শুভেন্দুর কারণেই তৃণমূল কংগ্রেসে কম গুরুত্ব পেতেন অখিল। মনে করা হচ্ছে, শুভেন্দুকে টেক্কা দিতেই অখিলকে মন্ত্রী করা হচ্ছে। অন্যদিকে বিজেপি প্রভাবিত উত্তরবঙ্গ থেকে বেশ কয়েক জনকে মন্ত্রী করা হয়েছে।

রাজনৈতিক মহল মনে করছে, নিজেদের বদলে নিয়েই বিজেপিকে নির্বাচন-পরবর্তীকালে টেক্কা দিতে চাইছেন মমতা। তাই মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে অপেক্ষাকৃত নবীনদের। মমতার মন্ত্রিসভায় স্থান পাওয়া সাত মুসলিম মন্ত্রী হলেন—ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রব্বানি, হুমায়ুন কবির, আক্রুজ্জামান ও সাবিনা ইয়াসমিন।