যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্ একটি জ্বালানি সরবরাহ লাইনে ভয়াবহ সাইবার হামলা হয়েছে। এই ঘটনার পর পরিচালনাকারী প্রতিষ্ঠান পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে কলোনিয়াল পাইপলাইন বলেছে, তথ্য চুরি ঠেকাতে তারা পূর্ব উপকূলে যাওয়া জ্বালানির ৪৫ শতাংশ সরবরাহকারী সাড়ে ৫ হাজার মাইল দীর্ঘ লাইন বন্ধ করে রেখেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোর সাইবার নিরাপত্তা যে ভয়াবহ ঝুঁকির মুখে এ ঘটনার মধ্য দিয়ে তা ফুটে উঠেছে।
শুক্রবার দিনের বেলাতেই ঐ পাইপলাইনে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। তবে সেটি সরাসরি সাইবার হামলার কারণে নাকি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরিচালনাকারী প্রতিষ্ঠানই কার্যক্রম একটু একটু করে সীমিত করে আনছিল, তা সে সময় স্পষ্ট ছিল না। শনিবার কলোনিয়াল পাইপলাইন জানায়, তাদের করপোরেট কম্পিউটার নেটওয়ার্ক র্যানসমওয়্যার হামলার কবলে পড়েছে। হ্যাকাররা পাইপলাইনের সংবেদনশীল অংশে হামলা চালানোর মতো তথ্য নিয়ে নিতে পারে, এ শঙ্কায় পাইপলাইনটি ‘শাটডাউন’ করে দেওয়া হয়েছে। র্যানসমওয়্যার হামলায় হ্যাকাররা মুক্তিপণ না দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জিম্মি করে রাখে। পাইপলাইনে এই সাইবার হামলার পেছনে কোনো দেশ নয় বরং একটি ‘সংঘবদ্ধ অপরাধী চক্র’ জড়িত বলেই কর্মকর্তারা ধারণা করছেন। হ্যাকাররা বৃহস্পতিবার থেকেই ঐ পাইপলাইনে হামলা শুরু করে এবং তারা বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে বলে বিষয়টির সম্বন্ধে ধারণা আছে এমন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। কবে থেকে পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক হতে পারে, সে বিষয়েও কিছু বলেনি প্রতিষ্ঠানটি।
