বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচি

আপডেট : ১০ মে ২০২১, ০০:১৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আওতাধীন জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী নানা কার্যক্রম বাস্তবায়ন করে। কার্যক্রমের মধ্যে রয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা ও করোনা সচেতনতায় মাইকিং, তিনটি প্রথম সারির হাসপাতালের কোভিড ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিত্সক ও নার্সদের ঈদ উপহার সামগ্রী প্রদান, স্বেচ্ছায় রক্ত সংগ্রহ অভিযান এবং রাজধানীর ভাসমান ও নিম্ন আয়ের মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ।

৭ মে থেকে এই কার্যক্রম শুরু হয়। জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নিজস্ব অর্থায়নে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত প্রায় ৫০০ জন ডাক্তার ও নার্সদের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

রবিবার সন্ধ্যায় জাতীয় সদর দপ্তর যুব ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপনের অংশ হিসেবে পুরান ঢাকার ওয়ারীতে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম করা হয়। শনিবার মগবাজার এলাকায় স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ১০ মে উত্তরা ও বনানী এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে যুব সদস্যরা জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি