দ্বিতীয় রাতের মতো জেরুজালেমে পুলিশ এবং ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে অনেক মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ ও বিক্ষোভকারী উভয়পক্ষ আছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং পুরোনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। জবাবে পুলিশ কর্মকর্তারা স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরাইলি পুলিশ জানিয়েছে, অন্তত এক জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ইসরাইলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনা তৈরি হওয়ায় সেখানে বেশ কয়েক দিন ধরে যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল। শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরাইলি পুলিশ আহত হয় বলে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ জানিয়েছে। জেরুজালেমের আল-আকসা মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদের কাছে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র কিন্তু সে এলাকাটি ইহুদি ধর্মাবলম্বীদেরও একটি তীর্থস্থান, যাকে টেম্পল মাউন্ট বলা হয়। এই এলাকায় প্রায়ই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে, তবে শুক্রবারের সহিংসতা ছিল এই বছরের মধ্যে সবচেয়ে বেশি তীব্র। মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় যেসব দেশ ভূমিকা রাখে, সেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ এই সহিংসতার ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।—বিবিসি
