ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে এক পাষণ্ড ছেলে। সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল গ্রামে এ ঘটনা ঘটেছে। ঐ বৃদ্ধের নাম মো. সেকান্দার আলী। রবিবার (৯ মে) তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। চিকিত্সক আখতারউজ্জামান জানান, তার বাম হাতের মধ্যাংশ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণ ভেঙে গেছে।
সেকান্দার আলী জানান, তার চার ছেলে। বড় ছেলে সিদ্দিক সিকদার ঢাকায় থাকে। মেজো ছেলে মিজান ও সেজো ছেলে সবুজ বাড়িতে থাকে। ছোট ছেলে তার শ্বশুর বাড়ির কাছে আলাদা বাড়ি করে বউ-বাচ্চা নিয়ে থাকে। তিনি ও তার স্ত্রী ময়না বেগম নিজ ঘরে থাকতেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তার স্ত্রী মেয়ের কাছে চলে যান।
ঘটনার দিন গত শনিবার তার ছেলে সবুজ বাড়িতে বাগানে বাঁশ কাটছিলেন। এ সময় বৃদ্ধ সেকান্দার ছেলেকে বলেন, ‘আমার সম্পদ ভোগ করতে হলে আমাকে এবং তোমার মাকে ভরণপোষণ দিতে হবে।’ এতে ছেলে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দায়ের উলটো দিক দিয়ে তাকে পিটিয়ে বাম হাত ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে দেন। এই খবর পেয়ে তার বড় ছেলে সিদ্দিকুরের মেয়ে (নাতনি) মরিয়ম বেগম ঐ বাড়িতে গিয়ে তার দাদাকে উদ্ধার করেন।
মরিয়ম বেগম জানান, তার দুই চাচা দাদার সম্পদ ভোগ করেন। অথচ তাকে ও দাদিকে ভরণপোষণ দেন না। ভরণপোষণ চাইলে মারধর করেন। এর আগেও কয়েক বার তার দাদাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বৃদ্ধ সেকান্দার ছেলে সবুজের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। ওসি (তদন্ত) আল মামুন বলেন, ‘অপরাধীকে গ্রেফতারে পুলিশ পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/এসজেড
