মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে বাংলাবাজারের দিকে ছেড়ে গেছে ফেরি যমুনা। আজ সোমবার (১০ মে) সকাল সোয়া ১০টার দিকে ২ নম্বর ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়। ফেরিটিতে যাত্রী ছাড়াও পাঁচটি লাশবাহী অ্যাম্বুলেন্স ছিলো। সকাল থেকে দীর্ঘ প্রতীক্ষার পর ফেরিতে নদী পার হওয়া সুযোগ পেয়ে যাত্রীদের উল্লাস করতে দেখা যায়।
জানা গেছে, মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরমুখো মানুষের স্রোত রোধ করতে ঘাটের প্রবেশ মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। যাত্রীরা সেই ব্যারিকেড উপেক্ষা করে এক কিলোমিটার পথ হেঁটে ঘাটে জমা হয়। এ সময় তারা ঘাটে দাঁড়িয়ে ফেরি ছাড়তে হবে বলে স্লোগান দেয়।
সোমবার ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা দুই ও তিন নম্বর ফেরিঘাটে ভিড় করতে থাকেন। এর মধ্যে সকাল ১০টার দিকে ডাম্প ফেরি যমুনা দুই নম্বর ঘাটে নোঙর করে। ফেরিটিতে পাঁচটি লাশবাহী অ্যাম্বুলেন্স তোলার সঙ্গে সঙ্গেই ঘাটে অপেক্ষারত হাজার হাজার যাত্রী উঠে পড়েন। পরে সোয়া ১০টার দিকে যাত্রী ও অ্যাম্বুলেন্স নিয়ে ফেরিটি বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ গণমাধ্যমকে বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো। তবে অতিরিক্ত যাত্রীর চাপে সকাল সোয়া ১০টার দিকে দুইটি অ্যাম্বুলেন্স ও ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি যমুনা বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে গেছে।
ইত্তেফাক/কেকে
