বরিশাল অফিস
সব শিক্ষার্থীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সোমবার সকালে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখা। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বাসদ সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সদস্য অদিতি ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট সদস্য এমদাদুল ইসলামসহ অন্যরা। দাবিগুলোর মধ্যে বাকি তিনটি হলো—শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য রোডম্যাপ ঘোষণা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ এবং অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ডিভাইস ও বিনা মূল্যে ইন্টারনেট সেবা প্রদান। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের জন্য চার দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ দাবিসংবলিত একটি স্মারকলিপি অনলাইনে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।
