নরসিংদী সদর হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আপডেট : ১০ মে ২০২১, ২১:২২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়ার ১৫ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ২টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী মহল্লার মালাকার মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঐ দিন দুপুরে নবজাতকের নানি পরীবানু নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। মা সুমাইয়া আক্তার জানান, আমার বুকের ধন আমি ফিরে পেয়েছি, আমি এতেই খুশি। যে নারী আমার ছেলেকে চুরি করেছিল আমি তার বিচার চাই। নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে নবজাতক চুরি করা নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে যে নারী নবজাতক চুরি করেছে তাকে পাওয়া যায়নি। যে নারীর হেফাজত থেকে ঐ নবজাতককে উদ্ধার করেছি তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নবজাতক চুরি করা নারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।