খাদ্যনিরাপত্তা বিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি জলবায়ু পরিবর্তন ও প্রতিকার এবং খাদ্যনিরাপত্তা বিষয়ক এক কর্মশালা সোমবার নেত্রকোনা সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শুরুতে বিষয়ভিত্তিক ভিডিও চিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের এমও ডিসি ডা. মো. শামসুজ্জামান। আলোচনা করেন সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিত্ লোহ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
১৫তম কবি নজরুল বিশ্ববিদ্যালয় দিবস পালিত
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে ১৫তম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। এ লক্ষে রবিবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন জামা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা এতিম ও অসহায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামা আর ঈদের সেলামি তুলে দিয়েছে সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। সোমবার সকালে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদ্রাসা মাঠে শিশুদের ঈদের ঐ নতুন জামা উপহার দেয় সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সরকার মুন্না প্রমুখ।
শেরপুরে শুরু ধান-চাল সংগ্রহ অভিযান
শেরপুর (বগুড়া) সংবাদদাতা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধুনটমোড়স্থ এলএসডি গোডাউনে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, ধুনটমোড় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
মাগুরায় ধান সংগ্রহের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি সোমবার মাগুরায় সরকারিভাবে বোরো ধান ক্রয় ও সংগ্রহের উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিজুর রহমান।
বরিশাল সিটি মেয়রের উদ্যোগে আর্থিক সহায়তা
বরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। রবিবার মেয়রের পক্ষে নগর ভবনের নিজ কার্যালয়ে বসে ৯৮ জনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন। করপোরেশন সূত্রে জানা গেছে, মোট ৮ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষদের।
পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের অর্থায়নে সোমবার ১৪৫ জন মানুষের মধ্যে পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ওমর ফারুক মীর, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাকিব প্রমুখ।
০
