স্পোর্টস ডেস্ক
এক দশক পর রবিবার রাতে জুভেন্টাস ঘরের মাঠেই ৩-০ গোলে হেরেছে এসি মিলানের বিপক্ষে। অথচ পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ জেতানোর নতুন চ্যালেঞ্জ নিয়ে। ইতালিয়ান ক্লাবটির মাথায় ইউরোপ সেরার মুকুট এনে দিতে চেয়েছিলেন। রোনালদো জুভেন্টাসে নাম যোগ দেওয়ার পর সাফল্যের দেখা পাচ্ছেন না। এসি মিলানের বিপক্ষে হারের কারণে জুভেন্টাস পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে।
এখন আশঙ্কা হচ্ছে জুভেন্টাস আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে পারবে কি-না। রোনালদোদের হাতে আছে এখন তিনটি ম্যাচ, সে ম্যাচগুলোতে জয় ছাড়াও পয়েন্ট টেবিলের দুই, তিন ও চারে থাকা আটালান্টা, মিলান এবং নাপোলি পয়েন্ট হারায় কি না সেই অপেক্ষাও করতে হবে। জুভেন্টাসের সামনে মিলানের বিপক্ষে ম্যাচ জেতার বিকল্প ছিল না। গত ১০ বছর মিলানের বিপক্ষে হারের কোনো রেকর্ড না থাকায়, স্বস্তি নিয়েই খেলতে নেমেছিল স্বাগতিক ফুটবলাররা। তবে প্রথমার্ধেই জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলোর ঘুম হারাম করে দেন ব্রাহিম ডিয়াজ। যোগ করা সময়ে গোল করেন ব্রাহিম ডিয়াজ।
৭৮ মিনিটে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেয় মিলান। ব্যবধান দ্বিগুণ করেন আনতে রেবিচ। মিনিট চারেক পর জুভেন্টাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফিকায়ো তোমোরি। মাঝমাঠ থেকে তুরস্কের মিডফিল্ডার হাকান চালানোলুর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন এই ইংলিশ সেন্টার ব্যাক।
টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা খোয়ানোর পর চ্যাম্পিয়নস লিগ থেকে উয়েফার দ্বিতীয় সারির টুর্নামেন্টে নেমে যাওয়ার পথে জুভেন্টাস। অনেকেই তাই বিদায় দেখছেন পিরলোর। যদিও এই কোচ বলছেন, নিজ থেকে পদত্যাগ করবেন না তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘পদত্যাগ? না, আমি পদ ছাড়ছি না। আমরা মৌসুমের শেষের দিকে আছি এবং আমাদের হাতে তিন ম্যাচ আছে। আর আমি সেই তিন ম্যাচকে সামনে রেখেই কাজ চালিয়ে যাব।’
