দুইবারই করোনা নেগেটিভ সাকিব-মুস্তাফিজের

আপডেট : ১০ মে ২০২১, ২২:২২

ভারতে আইপিএল খেলে দেশে ফেরার পর থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে আশার খবর, দেশে ফিরে দুইবারই করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন সাকিব-মুস্তাফিজ। বিসিবির চিকিত্সক মনজুর হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। দুইবার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ায় দুই ক্রিকেটারের অনুশীলনে নামার পথে এখন অপেক্ষা শুধু কোয়ারেন্টাইন শেষ হওয়ার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছাড় পেলে কোয়ারেন্টাইন মুক্ত হতে পারবেন তারা। বিসিবি চেষ্টা করছে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে আনতে। বিশেষ করে ঈদের পর জাতীয় দলের অনুশীলনের শুরু থেকেই তাদের পাওয়ার আশায় আছে বিসিবি। রাজধানীর গুলশানে ফোর পয়েন্টস শেরাটন হোটেলে সাকিব ও হোটেল সোনারগাঁওয়ে স্ত্রীসহ কোয়ারেন্টাইনে রয়েছেন মুস্তাফিজ।