ইত্তেফাক রিপোর্ট
পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো—আব্দুল আলীম, ইমরান হোসেন, বেলায়েত হোসেন মোলা ও হযরত আলী । রবিবার কোতোয়ালি নয়াবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৮ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ জানান, আটককৃত মাদক বিক্রেতারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
