গতকাল সোমবার চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জের ঘিওর, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু ঘটেছে।
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন দুলাল চক্রবর্ত্তী (৬৮) নামে এক বৃদ্ধ। তার বাড়ি উপজেলার দক্ষিণ জলদী এলাকায়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈলগাঁও দমদমার দিঘিরপাড় এলাকার প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বান্দরবানের বাইশারী উপজেলার নাইক্ষ্যংছড়ি এলাকার মোহাম্মদ হাশেমের পুত্র আবদুর রহিম (২৭), চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকার মোহাম্মদ আরমানের স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৫) ও তার পাঁচ বছর বয়সি শিশুকন্যা মণি আক্তার। এ ঘটনায় নিহত প্রিয়ার স্বামী মোহাম্মদ আরমান (৩০) ও অটোরিকশা চালক মোহাম্মদ আইয়ুবকে (২৮) গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর তাদের অবস্থার অবনতি ঘটলে সেখানে কর্তব্যরত চিকিত্সক দুই জনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠান। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির জানান, দুটি দুর্ঘটনার পরই ট্রাক চালকরা পালিয়ে যান। তবে ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি ও ঘিওর সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ভাড়ায় চালিত মোটর সাইকেলটির চালক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রুবেল হোসেন ও যাত্রী মাগুরা জেলার নূরে আলম। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, ঘটনার পর পরই চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে আলমসাধুর (এক ধরনের যান্ত্রিক যান) ধাক্কায় সাদিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া সদর উপজেলার গাইদঘাট গ্রামের সবুজ হোসেনের মেয়ে। ঈদ উদ্যাপন করতে নানাবাড়ি পীরপুর গ্রামে এসেছিল সে। জানা গেছে, নানির সঙ্গে পাশের বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে দুর্ঘটনার শিকার হয় সাদিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস উপজেলার উপলশহর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের কচুয়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় বাসের হেলপার মো. দুলাল (২৩) নিহত হয়েছেন। নিহত দুলাল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। এ ঘটনায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর-কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে।
