রাজধানীর উত্তরায় কিশোর গ্রুপের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক জন নিহত হয়েছেন। তার নাম আরেফিন শাকিল। এ ঘটনায় শাকিলের বন্ধু সাগর গুরুতর জখম হয়েছেন। গত রবিবার রাতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সাগর স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শাকিল বিভিন্ন অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে ভাড়ায় নাচ করতেন এবং টিকটকের ভিডিও বানাতেন। তিনি এলাকায় ‘টিকটক শাকিল’ ও ‘ড্যান্সার শাকিল’ নামে পরিচিত ছিলেন।
নিহত শাকিলের বন্ধু জুবায়ের জানিয়েছেন, গত শনিবার কোনো এক বিষয় নিয়ে স্থানীয় ভুঁইয়া সাব্বিরের সঙ্গে শাকিলের ঝগড়া হয়। সাব্বির বিষয়টির মিটমাটের কথা বলে শাকিলকে গত রবিবার ইফতার পার্টিতে নিমন্ত্রণ করে। শাকিল ইফতার পার্টিতে যাননি। পরে সাব্বির রাতে শাকিল ও শাকিলের বান্ধবীকে চটপটি ও ফুচকা খাওয়ার জন্য আরেক দফা দাওয়াত করে। শাকিল তার বন্ধু সাগর এবং বান্ধবীকে নিয়ে মোটরসাইকেল নিয়ে আব্দুল্লাপুর বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে পৌঁছলে সাব্বির শাকিলকে আলাদা করে একটু দূরে নিয়ে যায়। সেখানে সাব্বির, দুধ শামীম, সিকদার মৃদুলসহ আরো কয়েক জন শাকিলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিত্কার শুনে সাগর এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাহাদাত হোসেন জানিয়েছেন, তার ভাই শাকিল নেটের কাজ করত, এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে ভাড়ায় নাচ করত। তিনি আরো বলেন, সাব্বির নামে তাদের এক বন্ধু তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা তার বিচার চাই।
উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, পুলিশ জানতে পেরেছে, ভুঁইয়া সাব্বির নামের এক যুবক শাকিল ও তার বান্ধবীকে দাওয়াত দিয়ে আব্দুল্লাপুরে নিয়ে গিয়েছিলেন। পরে তারা কিছু একটা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। সেখান থেকে একটি হাসপাতালের পেছনের গলিতে শাকিলকে নিয়ে গিয়ে ভুঁইয়া সাব্বিরসহ তার বন্ধুরা শাকিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। উত্তরা পূর্ব থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, ঘটনার পরপরই তারা হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে ও অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে।
আরেফিন শাকিলের বাবার নাম তাইজুল ইসলাম। শাকিল তিন ভাই, এক বোনের মধ্যে দ্বিতীয়। তাদের বাসা দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায়। শাকিল তার পরিবারের সঙ্গে থাকত।
