জেলা শহর মাইজদীতে কর্মরত ট্রাফিক পুলিশের কনস্টেবল ওয়ালি উল্যাহর সততায় ব্যবসায়ী ফারুক হোসেন ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া মানিব্যাগ ভর্তি ১৪ হাজার টাকা, দুইটি জাতীয় পরিচয়পত্র ও তিনটি এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ আরো কিছু কাগজপত্র। গতকাল সোমবার দুপুরে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শকের কার্যালয়ে কনস্টেবল ওয়ালি উল্যাহ নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুরের ব্যবসায়ী ফারুককে এগুলো বুঝিয়ে দেন। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহিনুর রহমান বলেন, কনস্টেবল ওয়ালি উল্যাহ দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত অবস্থায় শহরের পৌর বাজারের সামনের সড়কে মানিব্যাগটি পেয়ে আমাকে জানান। আমি মানিব্যাগের মালিককে অনেক খোঁজাখুঁজি করি। মানিব্যাগের মালিকও তা না পেয়ে দুপুর দেড়টার দিকে সুধারাম মডেল থানায় জিডি করতে এসে জানতে পারেন তার মানিব্যাগ পাওয়া গেছে। ফারুক তার হারানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে কনস্টেবল ওয়ালি উল্যাহর সততার জন্য তাকে ধন্যবাদ জানান। পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, কনস্টেবল ওয়ালি উল্যাহ সততার পরিচয় দেওয়ায় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
