আজ ১৪৪২ হিজরির ২৮তম রমজান। রহমত, মাগফিরাত ও দোজখ থেকে মুক্তির মাস রমজানের বিদায় আসন্ন। করোনা ভাইরাসের কঠিন সময়ে আমরা মহান আল্লাহ প্রদত্ত ফরজ বিধান রমজান শরিফ পালন করছি। সেজন্য মহান আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি। পবিত্র রমজান শরিফের রোজা পালন করতে গিয়ে অনেক ভুলত্রুটি হয়ে থাকে। সেই রোজা পালনের ছোটখাটো ভুলত্রুটির কাফ্ফারাস্বরূপ পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগেই সাদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর আদায় করা অত্যাবশ্যক। রমজানের রোজাকে সম্পূর্ণরূপে পবিত্র করে তুলতে সাদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর প্রদান করা জরুরি। ঈদের নামাজের আগেই গরিব, মিসকিন, অনাথ, অসহায়, কপর্দকহীন ব্যক্তিকে সাদাকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর প্রদান করা অপরিহার্য। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এবারের রমজানে জনপ্রতি কত টাকা হারে ফিতরা দিতে হবে তা বলে দেওয়া হয়েছে। সেই আলোকে সব রোজাদার সাদাকাতুল ফিতর প্রদান করবেন ইনশাআল্লাহ। সেই অনুযায়ী এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা। ইসলামি শরিয়াহমতে, গম, আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যের যে কোনো একটির দ্বারা ফিতরা প্রদান করা যায়। উন্নত মানের গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৭০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২৮০ টাকা, কিশমিশ দিয়ে করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৩২০ টাকা, খেজুর দিয়ে করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা, পনির দিয়ে করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।
মুসলমানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটি বা এর বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। এসব পণ্যের স্থানীয় খুচরা মূল্যে তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। সচ্ছল মুসলমান নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়। দান, সাদাকা, খয়রাতের মাধ্যমে মানুষের তাক্ওয়া, নেক আমলসমূহ ও হায়াতে জিন্দেগি বর্ধিত হয়। সাদাকা ও দান-খায়রাত করলে মানুষের আসমানি ও জমিনি সব ধরনের বালামুসিবত দূর হয়।
লেখক :অতিথি অনুবাদক, মক্কা আল মুকাররামাহ ও সাবেক খতিব,
জাতীয় সংসদ জামে মসজিদ
